Advertisement
বুধবার, 25 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

জামিনের শর্ত ভঙ্গ, কারাগারে ফায়ার সার্ভিসকর্মী

জামিনের শর্ত ভঙ্গ, কারাগারে ফায়ার সার্ভিসকর্মী
News Banner

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ফায়ার সার্ভিসকর্মী সুজন মিয়ার পুনরায় জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আপিলের শুনানিতে আপসের শর্তে ১৫ দিনের জামিন পেলেও নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির না হওয়ায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবির এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।

মামলার নথি সূত্রে জানা গেছে, সুজন মিয়ার বাড়ি জামালপুর সদর উপজেলার হানুমানেরচর গ্রামে। যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় তাঁর বিরুদ্ধে করা সি.আর. যৌতুক মামলা (নং-৫৫৬/২৪) বিচার শেষে গত ৪ আগস্ট রায় ঘোষণা করেন আদালত। রায়ে তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ওই রায়ের বিরুদ্ধে সুজন মিয়া ক্রিমিনাল আপিল মামলা (নং-২৩৩/২৬) করেন। আপিলের শুনানির একপর্যায়ে আদালত আপসের শর্তে তাঁকে ১৫ দিনের জামিন দেন। তবে জামিনের শর্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আদালতে হাজির হননি তিনি। পরে পুনরায় জামিনের আবেদন করলে রোববার আদালত তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুজন মিয়া ময়মনসিংহের ধোবাউড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত ছিলেন। স্টেশনটির ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মেহেরুল ইসলাম বলেন, ‘সুজন মিয়া এ স্টেশনে কর্মরত ছিলেন। তবে কারাগারে যাওয়ার পর তিনি আর স্টেশনে আসেননি।বিষয়টি জানার পর অধিদপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। অধিদপ্তর বিষয়টি দেখছে।’

তিনি আরও জানান, কারাগারে যাওয়ার পর থেকে সুজন মিয়ার বেতন ও রেশন বন্ধ রয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৬ আগস্ট শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের মো. সুলতান আলীর মেয়ে রোকেয়া পারভীনের সঙ্গে সুজন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ এপ্রিল শেরপুরের আদালতে যৌতুক মামলা করেন রোকেয়া পারভীন।

মামলার অভিযোগে বলা হয়, দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় রোকেয়া পারভীনকে শিশুকন্যাসহ স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।

এই সংবাদটি পঠিত হয়েছে: 102 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 178 টি

মন্তব্য করুন