জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় গোপালগঞ্জ জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব পালন করবেন মোতায়েন করা সদস্যরা। এ সময় অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবেন তাঁরা।
দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবেন।
বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতেও বাহিনীটি সর্বদা প্রস্তুত রয়েছে। সরকার অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে পালনে বিজিবি বদ্ধপরিকর।
মন্তব্য করুন