মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত নিজের সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা। পরে ভ্রাম্যমাণ আদালত ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার যোগানিয়া ইউনিয়নের গেরামারা গ্রামের মৃত কাজিমদ্দিনের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য তিনি প্রায়ই মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এমনকি বাড়ির টাকা-পয়সা ও আসবাবপত্রও বিক্রি করে দিতেন। ছেলের এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েন তার মা ওরফুলি বেগম।
একপর্যায়ে প্রতিকারের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হন তিনি। পরে ইউএনওর পরামর্শে বুধবার ছেলেকে পুলিশের হাতে তুলে দেন ওই মা।
পুলিশ রফিকুলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন