ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরের নকলায় 'দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬- এর উদ্ভোদন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপির মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা, বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নিয়মিত জমে থাকা পানি অপসারণ করতে হবে।
বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, পুরোনো টায়ার, নির্মাণাধীন ভবন ও অন্যান্য স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণের আহ্বান জানানো হয়েছে। কারণ এসব স্থানে এডিস মশা বংশবিস্তার করতে পারে।
প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ জনগণকে এ কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে নকলায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
মন্তব্য করুন