বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে মেগা প্রকল্পের নামে ব্যাপক অর্থ লুটপাট হয়েছে। তাদের সময়ে দেশের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। বর্তমান সরকার বিদ্যমান সংকট কাটিয়ে দেশকে পুনর্গঠনে কাজ করছে। তবে এত বড় সংকট অল্প সময়ে সমাধান করা সম্ভব নয়, এজন্য সময় ও জনগণের সহযোগিতা প্রয়োজন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপির ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ হোসেন বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের সময়ে বিভিন্ন খাতে তৈরি হওয়া সংকট এখনো বিদ্যমান। অর্থনীতি, কৃষি, বিদ্যুৎ, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন খাতে সমস্যাগুলো সমাধানে সরকার কাজ করছে।
তিনি বলেন, বিএনপি সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ সরবরাহ, কৃষি, সার, চিকিৎসা, শিল্প এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। সরকারের মেয়াদ মাত্র সাত মাস। এত অল্প সময়ে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এ জন্য জনগণের সহযোগিতার পাশাপাশি কিছুটা সময় প্রয়োজন। মন্ত্রী বলেন, দেশের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।
বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে কর্মী সভায় সঞ্চালনা করেন একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নয়ন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।
কর্মী সভায় পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী ও প্রাথমিক সদস্যরা অংশ নেন। এ সময় স্থানীয় সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করা এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন নেতাকর্মীরা।
সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন