বাংলাদেশ ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) নর্থ আনুষ্ঠানিকভাবে দ্য ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডব্লিউই ব্রিস্টল)-এর সঙ্গে ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপে যুক্ত হয়েছে।
এই পার্টনারশিপের আওতায় বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএল.বি. (অনার্স) কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে বিচার বিভাগের সদস্য, ব্যারিস্টার, অ্যাডভোকেট, আইনজীবী, শিক্ষাবিদসহ দেশের আইন ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই পার্টনারশিপের ফলে বাংলাদেশে অবস্থান করেই শিক্ষার্থীরা ইউডব্লিউই ব্রিস্টলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এলএল.বি. (অনার্স) ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
বাংলাদেশে উচ্চমানের ব্রিটিশ আইন শিক্ষা প্রদানের ক্ষেত্রে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে এলসিএলএস নর্থের।
প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লন্ডনের একটি রেজিস্টার্ড টিচিং সেন্টার হিসেবে দীর্ঘদিন ধরে ব্রিটিশ আইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন এই পার্টনারশিপের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন আইন শিক্ষার সুযোগ আরো সম্প্রসারিত হবে এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দেশে থেকেই একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন শিক্ষার পথ তৈরি হবে।
এলসিএলএস নর্থ ও ইউডব্লিউই ব্রিস্টলের মধ্যে পার্টনারশিপ চুক্তিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন ইউডব্লিউই ব্রিস্টলের অ্যাকাডেমিক ডিরেক্টর অব ল, শিলান শাহ-ডেভিস, এবং ব্যারিস্টার আসিফ রহমাতুল্লাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এলসিএলএস নর্থের ম্যানেজিং পার্টনার এবং লেক্স অ্যাকুইলিয়া চেম্বার্সের ম্যানেজিং পার্টনার।
বিশ্বব্যাপী স্বীকৃত আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ইউডব্লিউই ব্রিস্টলের সঙ্গে এই পার্টনারশিপ এলসিএলএস নর্থের আন্তর্জাতিক মানসম্পন্ন আইন শিক্ষা প্রদানের অঙ্গীকারকে আরো শক্তিশালী করেছে।
এর ফলে যুক্তরাজ্যে পাড়ি না দিয়েই বাংলাদেশি শিক্ষার্থীরা একটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের আইন ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে সহজলভ্য ও ব্যয়সাশ্রয়ী উপায়ে ব্রিটিশ আইন শিক্ষার সুযোগ তৈরি করবে।
এলসিএলএস নর্থ ও ইউডব্লিউই ব্রিস্টলের এই পার্টনারশিপ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উচ্চশিক্ষা ও আইন শিক্ষার ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবী ও আইন পেশাজীবীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা অর্জনের নতুন সুযোগ সৃষ্টি করবে।
মন্তব্য করুন