জাপানে উচ্চশিক্ষা, চাকরি ও ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য শেরপুরে অনুষ্ঠিত হয়েছে জাপানি ভাষা শিক্ষা ও জাপানে পড়াশোনা, চাকরি ও ব্যবসার সুযোগবিষয়ক ফ্রি সেমিনার। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের হলরুমে ‘কানেক্ট জাপান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার’-এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে জাপানি ভাষা শেখার গুরুত্ব, জাপানে উচ্চশিক্ষার সুযোগ, চাকরির প্রস্তুতি, প্রয়োজনীয় দক্ষতা এবং দেশটিতে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নুরুজ্জামান, ক্লাস ইনচার্জ মো. মাহবুব-উর-রহমান, কানেক্ট জাপান লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও মো. আরিফুল ইসলাম রানা, পরিচালক আখতার জামান এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ।
এ ছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রঙ্গারিরাই গ্যাভিন মুচেতু ও নেটিভ জাপানিজ প্রশিক্ষক রিতসুকি টোমিনাগা। তাঁরা জাপানি ভাষা শেখার গুরুত্ব এবং জাপানে পড়াশোনা ও কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সেমিনারে বক্তারা বলেন, জাপানে উচ্চশিক্ষা কিংবা চাকরির সুযোগ কাজে লাগাতে শুধু একাডেমিক যোগ্যতা নয়, জাপানি ভাষায় দক্ষতা, কারিগরি জ্ঞান ও প্রয়োজনীয় পেশাগত দক্ষতা অর্জনও গুরুত্বপূর্ণ। তাই জাপানে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই ভাষা ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সেমিনারটি পরিচালনা করেন কানেক্ট জাপান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টারের পরিচালক সরকার মো. সায়েম।
আয়োজকরা জানান, বিশেষ করে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থী এবং জাপানে পড়াশোনা ও চাকরির জন্য যেতে আগ্রহী তরুণদের সামনে সম্ভাবনা ও প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরতেই এ আয়োজন। এর মাধ্যমে আগ্রহীরা জাপানি ভাষা শিক্ষা, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের প্রস্তুতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়ার সুযোগ পেয়েছেন।
সেমিনারে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মন্তব্য করুন