উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশের তৃতীয় ধাপ অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে দ্বাদশ শ্রেণির অনিয়মিত শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে কলেজ প্রশাসন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কলেজের শিক্ষক মিলনায়তনে ‘উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি, পরীক্ষার প্রস্তুতি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের স্মার্টফোনের আসক্তি থেকে দূরে রেখে পড়াশোনায় মনোযোগী করার বিষয়েও অভিভাবকদের সচেতন করা হয়।
কলেজ প্রশাসন জানায়, একসঙ্গে বড় পরিসরে সমাবেশ না করে ধাপে ধাপে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এতে প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে। এর আগে আরও দুই ধাপে এ ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় ধাপের আয়োজন শেষ হলেও কর্মসূচি এখানেই শেষ হচ্ছে না। সামনে আরও কয়েক ধাপে সমাবেশ আয়োজন করা হবে।
সমাবেশে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ বলেন, ‘গত দুই সমাবেশের পর ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। আজকের সমাবেশের পর আশা করি উপস্থিতি আরও বাড়বে। শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল করতে পারে, সে লক্ষ্যে শেরপুর সরকারি কলেজ কাজ করে যাচ্ছে।’
অভিভাবকদের উদ্দেশে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন বলেন, ‘আপনারা নিয়মিত আপনাদের সন্তানদের ক্লাসে পাঠান। তাদের স্মার্টফোনের আসক্তি থেকে রক্ষা করুন। বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা কঠোর হবো। ক্লাসে উপস্থিতি বাধ্যতামূলক।’
সমাবেশে কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আজহারুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া, ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কলেজ প্রশাসনের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি তাদের পড়াশোনার অগ্রগতি পর্যবেক্ষণ এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয় করে শিক্ষার পরিবেশ আরও কার্যকর করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসমুখী করে ভালো ফলাফল নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন