Advertisement
সোমবার, 14 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
নালিতাবাড়ীতে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির দায়িত্ব নিলেন এমপি ডা: প্রিয়াঙ্কা শেরপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় তিন আসামির কারাদণ্ড শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ অপসারণের দাবিতে বিক্ষোভ ও শাটডাউন কর্মসূচি শেরপুরে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন যারা নিয়ন্ত্রণ হারিয়ে খালে লাশবাহী অ্যাম্বুলেন্স, আহত-২ কানাডা থেকে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে বিবিসিসিকে সহযোগিতার আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিজিবিএ নেতৃবৃন্দের বৈঠক তৃতীয় বিশ্বের ক্ষুদ্র রাষ্ট্রের নিরাপত্তা সংকট ও বাংলাদেশ: ড. হাসান নাশিদ শেরপুরে হোমিও চিকিৎসকদের নিয়ে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
News Banner

অনলাইন জুয়ার মাধ্যমে অর্থ সংগ্রহ, কমিশন কর্তন এবং বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে অর্থপাচারের অভিযোগে চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের একটি বিশেষ দল।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—টাঙ্গাইল সদর উপজেলার বড় বাশালিয়া এলাকার বাবলু মিয়া (২৮), বাগীল এলাকার মো. মনির হোসেন (৩০), সখিপুরের জেলখানা মোড় এলাকার নূর সাফায়েত ইপ্তি (২৪) এবং কালমেঘা এলাকার শামীম আল মামুন (২৯)।

সিআইডি জানায়, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন জুয়া সাইটে ব্যবহারের জন্য নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিম সরবরাহের তথ্য পাওয়া গেছে। অর্থের বিনিময়ে তারা এসব সিম সংগ্রহ করে অনলাইন জুয়া চক্রের অ্যাডমিনদের কাছে সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় দেশের ভেতর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার সাইটের কার্যক্রম শনাক্ত করে সিআইডি। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব জুয়ার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে বেটিং এবং অনলাইন ক্যাসিনো পরিচালনা করা হচ্ছিল। এ ঘটনায় সিআইডির পক্ষ থেকে পল্টন থানায় মামলা করা হয়। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অনলাইন বেটিং চক্রের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তির বিষয়ে তথ্য পাওয়া যায়।

সিআইডির তদন্তে আরও উঠে এসেছে, চক্রটি দেশের বিভিন্ন এলাকায় এজেন্ট নিয়োগ করে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক হিসাব সংগ্রহ করত। এসব হিসাব অনলাইন বেটিংয়ের অর্থ জমা ও উত্তোলনে ব্যবহার করা হতো। জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা কমিশন নেওয়ার পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে অর্থপাচার করা হতো বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি।
সিআইডি আরও জানায়, এর আগে একই মামলায় টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, নড়াইল ও রাজশাহীতে পৃথক অভিযান চালিয়ে অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ১৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে মামলাটির তদন্ত করছে সাইবার পুলিশ সেন্টার। অনলাইন জুয়ার নেটওয়ার্ক, অবৈধ ই-ট্রানজেকশন, অর্থপাচার এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিআইডি জনগণকে অনলাইন জুয়া ও বেটিং থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অনলাইন বেটিং বা জুয়ার নামে কোনো ব্যক্তি বা চক্রের সঙ্গে অর্থ লেনদেন না করার এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 2 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 48 টি

মন্তব্য করুন