Advertisement
রবিবার, 04 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

২০ জেলায় মেডিকেল অক্সিজেন নেটওয়ার্ক গড়বে সরকার

২০ জেলায় মেডিকেল অক্সিজেন নেটওয়ার্ক গড়বে সরকার
News Banner

দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়াতে চলতি অর্থবছরেই অন্তত ২০টি জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দেশের মেডিকেল অক্সিজেন ব্যবস্থার অগ্রগতি মূল্যায়নে ‘অক্সিজেন অ্যাকসেস স্কোরকার্ড’ অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

রোববার (৪ অক্টোবর) ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (আইইউবি) অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ অক্সিজেন সামিট’-এর সমাপনী ও উচ্চপর্যায়ের নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।

আইইউবির সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেস (সিএইচআইপিএস) ও বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্ক যৌথভাবে এ সামিটের আয়োজন করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ মহামারির অভিজ্ঞতা এবং ২০২৩ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) রেজুলেশনের পর মেডিকেল অক্সিজেনকে শুধু তাৎক্ষণিক চিকিৎসা চাহিদা হিসেবে দেখার সুযোগ নেই। এটি এখন স্বাস্থ্য নিরাপত্তার অপরিহার্য অংশ।

তিনি বলেন, ‘বাংলাদেশে চিকিৎসা খাতে ব্যবহৃত অক্সিজেনের ব্যবস্থাপনাকে আমরা এমন এক মানে উন্নীত করতে চাই, যাতে বৈশ্বিক স্কোরকার্ডেও আমরা সাফল্যের প্রমাণ রাখতে পারি।’

অক্সিজেন ব্যবস্থাপনায় অতীতে সমন্বয়ের ঘাটতি ছিল উল্লেখ করে ড. মুহিত বলেন, কোথাও একই ধরনের উদ্যোগে পুনরাবৃত্তি হয়েছে, আবার কোথাও প্রয়োজনীয় সরঞ্জাম পড়ে থাকলেও তা চালু ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ অচলাবস্থা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ডিপিপি প্রণয়নের কাজও চলছে। এর মাধ্যমে চলতি অর্থবছরেই দ্রুততম সময়ে অন্তত ২০টি জেলায় সমন্বিত অক্সিজেন নেটওয়ার্ক গড়ে তোলা হবে।’

তিনি আরও বলেন, ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত কার্যকর একটি ‘ন্যাশনাল অক্সিজেন রোডম্যাপ’ প্রণয়ন জরুরি। পাশাপাশি স্বাস্থ্য খাতে দেশীয় উদ্ভাবনকে উৎসাহিত করতে হবে। চিকিৎসা পাঠ্যক্রমে অক্সিজেন থেরাপির ব্যবহারিক ও পদ্ধতিগত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ও নার্সিং কাউন্সিলকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রান্তিক জনগোষ্ঠী, নারী এবং সেরিব্রাল পালসিসহ প্রতিবন্ধী শিশুদের চিকিৎসায় নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিতের ওপরও গুরুত্ব দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, দেশে জরুরি অ্যাম্বুলেন্স সেবার সুনির্দিষ্ট নীতিমালা বা সংজ্ঞা নেই। যে কোনো গাড়িতে বাতি জ্বালিয়ে অ্যাম্বুলেন্স হিসেবে চালানোর প্রবণতা বন্ধ করতে হবে। আধুনিক ও মানসম্পন্ন অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করতে আইনগত কাঠামো ও স্ট্যান্ডার্ডাইজেশন নিয়ে সরকার কাজ শুরু করেছে। এর সঙ্গে কার্যকর অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও যুক্ত থাকবে।

অনুষ্ঠানে বক্তারা সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে সাশ্রয়ী, সমতাভিত্তিক ও টেকসই মেডিকেল অক্সিজেন ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 47 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 305 টি

মন্তব্য করুন