বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও নদীভাঙন প্রতিরোধে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অব্যাহত সহযোগিতা চেয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
সরকার এডিবির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।
এডিবির নির্বাহী পরিচালককে বাংলাদেশে স্বাগত জানিয়ে পানিসম্পদমন্ত্রী বলেন, টেকসই প্রবৃদ্ধি অর্জন, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে এডিবির সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান তিনি।
এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লা বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করতে কাজ করছে এডিবি। একই সঙ্গে বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়নের কাজও চলছে।
তিনি বলেন, টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা, নদীর তীর সংরক্ষণ ও নদীভাঙন প্রতিরোধে বাংলাদেশে কাজ করতে আগ্রহী এডিবি।
সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম উদ্দিন, অতিরিক্ত সচিব মো. এনামুল হক এবং এডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন