Advertisement
মঙ্গলবার, 06 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
শেরপুর জেলা পরিষদ প্রশাসকের সুস্থতা কামনায় দোয়া মাহফিল শ্রীবরদীতে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক চাপ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইতালির প্রলোভনে টাকা নিয়ে লিবিয়ায় পাচার, গ্রেপ্তার ২ এআই যেন নতুন বৈষম্য তৈরি না করে: ডাক-টেলিযোগাযোগ মন্ত্রী বরাদ্দ বাড়বে মৎস্য খাতে, অপচয় চলবে না: মৎস্যমন্ত্রী জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী এনজিও, বেসরকারি খাত ও সরকারের শক্তিশালী অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী

জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
News Banner

দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। মঙ্গলবার (৬ অক্টোবর) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে দেশের বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে যথাযথভাবে ব্যবহারোপযোগী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তুলতে কাজ চলছে।

তিনি বলেন, শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। দেশের জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ সম্ভাবনাময় বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ তৈরি করা হবে।

আমিনুল হক বলেন, সারা দেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। স্টেডিয়ামগুলোর গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে এগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলার সুযোগ বাড়াতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নগরীর ওয়ার্ড পর্যায়ে ফুটসাল বা ছোট মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থভাবে গড়ে তুলতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী জানান, আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
মৌলভীবাজারের রেলওয়ে মাঠ দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলো অবমুক্ত করে খেলাধুলার উপযোগী করতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের বিষয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য লড়াই করতে চায়। এ জন্য বছরব্যাপী প্রশিক্ষণ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরফরাজ আহমদ সরফুসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 11 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 343 টি

মন্তব্য করুন