বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ জন্য মানুষের পাশাপাশি প্রকৃতি, গাছপালা ও পশুপাখির প্রতিও শিশু-কিশোরদের সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিশু-কিশোরদের উদ্দেশে তারেক রহমান বলেন, শুধু মানুষের প্রতিই নয়, প্রকৃতির প্রতিও মানুষকে সদয় হতে হবে। প্রকৃতির সৃষ্ট সবকিছুর প্রতি দয়া দেখাতে হবে।
তিনি বলেন, ‘তোমরা যখন বড় হবে, তোমাদের আশপাশের প্রকৃতির যত্ন নেবে। তোমাদের বাড়ি, স্কুল বা পছন্দের জায়গার আশপাশে কোনো গাছ থাকলে সেটিকে বড় হতে সাহায্য করবে। গাছে পানি দেবে, যত্ন নেবে।’
পশুপাখিকে দেশের সম্পদ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের আশপাশে থাকা পশুপাখির প্রতিও যত্নশীল হতে হবে। তাদের সময় দিতে হবে এবং বিভিন্নভাবে সহযোগিতা করতে হবে।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের মধ্যে প্রকৃতি ও পশুপাখির প্রতি সদয় হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে একদিন একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
তারেক রহমান বলেন, ‘আমরা যদি প্রকৃতির প্রতি সদয় হই, অবশ্যই প্রকৃতিও আমাদের প্রতি সদয় হবে।’ প্রকৃতির সঙ্গে বেঁচে থাকতে হলে প্রকৃতিকেও সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান
পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিশুদের সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গায় প্রায়ই আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। দেশের অধিকাংশ মানুষ এ বিষয়ে এখনো অসচেতন। ব্যবহারের পর বিভিন্ন জিনিস যেখানে-সেখানে ফেলে দেওয়া হয়।
শিশুদের উদ্দেশে তিনি বলেন, কোনো বড় মানুষ রাস্তায় ময়লা বা আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করলে ছোটরা তাকে সঠিক জায়গায় ময়লা ফেলার কথা বলতে পারে। কারণ পরিবেশ নষ্ট হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আজকের শিশুরাই।
‘পরিবারের প্রতিটি শিশু একটি খুঁটি’
প্রধানমন্ত্রী বলেন, একটি ঘর তখনই মজবুত থাকে, যখন তার খুঁটিগুলো শক্ত থাকে।পরিবারের প্রতিটি শিশু সেই পরিবারের একটি খুঁটি। শিশুরা সুন্দর ও সঠিকভাবে বেড়ে উঠতে পারলে পরিবারের ভিত্তি দৃঢ় হবে।
একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি বলেন, দেশের সব শিশুকে সঠিকভাবে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে পারলে বাংলাদেশও শক্তিশালী হবে। আগামী দিনে প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে শিশুদের বিকাশের সুযোগ নিশ্চিত করা জরুরি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন