Advertisement
বৃহস্পতিবার, 05 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে এড়ানোর সুযোগ নেই: নাহিদ

শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে এড়ানোর সুযোগ নেই: নাহিদ
News Banner

শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকারের সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের অভাবে শ্রমিক আন্দোলনের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) পাবনা শিল্পকলা একাডেমির মহাপরিচালক মিলনায়তনে এনসিপির পাবনা জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভার আগে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের এই আন্দোলন যৌক্তিক। কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে সরকার দায় এড়াতে পারে না। আন্দোলনে ফ্যাসিস্টদের কেউ অনুপ্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তার দায়ও সরকারকে নিতে হবে। কারণ, এটি সরকারের গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা।

তিনি আরও বলেন, সরকার বিরোধী দল দমনে গোয়েন্দা শক্তি ব্যবহার করছে। অথচ যারা দেশের শত্রু, যারা জনগণকে হত্যা করে ভারতে পালিয়ে রয়েছে, তাদের বিষয়ে সরকারপ্রধানকে এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্য জাতির সামনে উপস্থাপন করতে দেখা যায়নি।

অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের আস্থার সংকট তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, এই সরকার পাঁচ শতাধিক আন্দোলন মোকাবিলা করেছে। আন্দোলন থামবে তখনই, যখন সরকারের প্রতি জনগণের আস্থা থাকবে। কিন্তু সরকারের ওপর জনগণের আস্থা নেই। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার ভঙ্গ করে সরকার ৭০ শতাংশ জনগণের রায়ের সঙ্গে বেইমানি করেছে।

এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, গতকাল আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আগে নির্ধারিত দাম ১ হাজার ৮০০ টাকা থাকলেও খোলাবাজারে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হতো। নতুন করে দাম বাড়ায় ভোক্তাদের আরও বেশি অর্থ গুনতে হবে। এ পরিস্থিতিতে জনগণকে রাজপথে নামার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে।

এর আগে সভায় এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে পাবনা জেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 16 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 568 টি

মন্তব্য করুন