শেরপুর সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার কুসুমহাটি কাজিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জিন্নাত আলী ওই গ্রামের মৃত টন মাহমুদের ছেলে। জমিজমা নিয়ে বিরোধের জেরে রোববার বিকেলে তাঁর আপন ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ ৪-৫ জন তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে কিল-ঘুষি ও ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৮টা পর্যন্ত অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও আগুন দেওয়ার চেষ্টার খবর পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন