জাতীয় ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জন এবং বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা ৩৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে শহরের বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পদকপ্রাপ্ত ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুজ্জামান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা মোহসীনা সোবহান, উপজেলা প্রাথমিক এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর লুৎফর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা আজমেরী, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মো. মাসুদ হাসান বাদল।
অনুষ্ঠানে জানানো হয়, বিদ্যালয়ের চার শিক্ষার্থী জাতীয় ও বিভাগীয় পর্যায়ে নৃত্য, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে। এ ছাড়া ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ২২ জন এবং সাধারণ গ্রেডে ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
অনুষ্ঠানের একপর্যায়ে কৃতিত্ব অর্জনকারী চার শিক্ষার্থী এবং বৃত্তিপ্রাপ্ত ৩৯ শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এতে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন