বাবার পেশা অটোচালক। পরিবারের আর্থিক অনটনের কারণে শৈশব থেকেই নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বড় হয়েছেন হিজবুন নাহার। কখনো একবেলা, কখনো দুবেলা না খেয়েও চালিয়ে গেছেন পড়াশোনা।এখন তিনি শেরপুর সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।পড়াশোনার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখেন তিনি। সেই স্বপ্ন বাস্তবায়নে সেলাই প্রশিক্ষণও নিয়েছেন। কিন্তু সেলাই মেশিন না থাকায় শুরু করতে পারছিলেন না কাজ। অবশেষে জেলা প্রশাসকের দেওয়া সেলাই মেশিনে নতুন করে স্বপ্ন বুনতে শুরু করেছেন নাহার।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সাপ্তাহিক গণশুনানি শেষে নাহারের হাতে একটি সেলাই মেশিন তুলে দেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
নাহারের বাড়ি শেরপুর শহরের চাপাতলী মহল্লায়। বাবা হাবিবুল্লাহ পেশায় অটোচালক। তিন ভাই-বোনের মধ্যে নাহার তৃতীয়। তাঁর দুই ভাই দিনমজুরের কাজ করেন। পরিবারের সীমিত আয়ের মধ্যেও নানা কষ্টের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি।
গত জুলাই মাসে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সেলাই প্রশিক্ষণ শেষে এক অনুষ্ঠানে সনদ গ্রহণ করেন নাহার। ওই অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানিয়েছিলেন, ভবিষ্যতে একজন উদ্যোক্তা হয়ে স্বনির্ভর হতে চান। এ লক্ষ্যেই সেলাই প্রশিক্ষণ নিয়েছেন। তবে প্রশিক্ষণ শেষ হলেও সেলাই মেশিন না থাকায় নিজের কাজ শুরু করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন তখন নাহারকে একটি সেলাই মেশিন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের ধারাবাহিকতায় বুধবার তাঁর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশীদ খান, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল উপস্থিত ছিলেন।
এ সময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশীদ খান নাহারকে আরও উৎসাহিত করে বলেন, তিনি যদি সেলাইয়ের কাজের পাশাপাশি স্থানীয় অসহায় নারীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি প্রশিক্ষণকেন্দ্র গড়ে তুলতে চান, তাহলে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ঋণসহায়তা দেওয়া হবে।
সেলাই মেশিন পেয়ে নাহারের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন এখন আরও এক ধাপ এগিয়ে গেল। নিজের কর্মসংস্থান তৈরির পাশাপাশি ভবিষ্যতে অন্য নারীদেরও প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলার স্বপ্ন দেখছেন তিনি।
মন্তব্য করুন