সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শেরপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকালে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডায়াবেটিস সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি’ (ডপস)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাহীন মিয়া, বিএসপি। এতে সভাপতিত্ব করেন সার্জেন্ট (অব.) মো. শহিদুর রহমান।
পরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা পাঁচ কিলোমিটার পদযাত্রায় অংশ নিয়ে শেরপুর শহর প্রদক্ষিণ করেন। পদযাত্রা শেষে ডপস ক্যাডেট মেসে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা ও কর্মজীবনের স্মৃতিচারণ করেন তাঁরা।
দীর্ঘদিন পর সহকর্মীদের সঙ্গে মিলিত হতে পেরে অংশগ্রহণকারীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। একই সঙ্গে এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান তাঁরা।
এ সময় শেরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে একটি সশস্ত্র বাহিনী বোর্ড গঠনের প্রস্তাব সেনাপ্রধানের কাছে উপস্থাপনের জন্য প্রধান অতিথির মাধ্যমে অনুরোধ জানানো হয়।
আয়োজকেরা জানান, অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। পদবি ও র্যাংকের ঊর্ধ্বে উঠে সবাইকে একই পরিবারের বন্ধনে আবদ্ধ করার প্রত্যাশা নিয়ে আনন্দঘন পরিবেশে শেষ হয় মিনি ম্যারাথন-২০২৬।
মন্তব্য করুন