Advertisement
রবিবার, 22 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষি উৎপাদন বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর

স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষি উৎপাদন বাড়ানোর আহ্বান প্রতিমন্ত্রীর
News Banner

দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে কৃষিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজারের চাহিদা বিবেচনায় ফসল উৎপাদনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

তিনি বলেছেন, অপরিকল্পিত উৎপাদনের কারণে কৃষক যাতে আর্থিক ক্ষতির মুখে না পড়েন, সেদিকে গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তি ও পরিকল্পিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে দেশের খাদ্য ও কৃষিপণ্যের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি সক্ষমতাও বাড়াতে হবে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বগুড়ার শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে মসলা ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলবিষয়ক কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কৃষি খাতকে আমদানিনির্ভরতা থেকে বের করে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন অনেকটাই স্বাবলম্বী। একইভাবে যেসব পণ্যের জন্য প্রতিবেশী দেশগুলোর ওপর নির্ভর করতে হয়, সেসব পণ্যের দেশীয় উৎপাদন বাড়াতে হবে।

আয়োডিন আমদানির প্রসঙ্গ তুলে তিনি বলেন, খাবার লবণে আয়োডিন মেশানোর জন্য প্রতিবছর ভারত থেকে আয়োডিন আমদানি করতে হয়। এতে দেশের প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হয়। এ নির্ভরতা কমাতে দেশে আয়োডিন উৎপাদনের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে একটি কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়েছেন তিনি।দেশীয় উৎপাদনের মাধ্যমে চাহিদা পূরণ করা গেলে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি নতুন শিল্পের সম্ভাবনাও তৈরি হবে।

কৃষকদের অবদানের কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, কৃষকদের নিরলস পরিশ্রমে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত হচ্ছে। পাশাপাশি কৃষিপণ্য বিদেশেও রপ্তানি হচ্ছে। কৃষির উন্নয়নে কৃষকদের আধুনিক প্রযুক্তি, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কৃষি উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সব কৃষিজমির মাটি বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হবে। এ জন্য সরকারি রাজস্ব খাত থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের উদ্যোগ নেওয়া হবে। মাটির পুষ্টিমান ও উপাদানের ঘাটতি নির্ণয় করা গেলে কৃষকরা জমির প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে পারবেন। এতে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি মাটির উর্বরতা ও ফসলের ফলন বাড়বে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মুহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. গোলাম হাফিজ, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামাণিক, শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাসুদ আলম এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

এ সময় রুপসী বিডি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মীর শাকরুল আলম সীমান্ত, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষি গবেষক, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 16 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 624 টি

মন্তব্য করুন