বগুড়ায় পিকআপের ধাক্কায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নিহত সুজন মিয়া জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আব্দুল আলিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নিজ এলাকা পুনট থেকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বলতলী যাচ্ছিলেন সুজন। পথে গোপীনাথপুর মোড়ে একটি পিকআপের সঙ্গে তাঁর ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন