মাদক, জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধসহ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
শনিবার নান্দাইল উপজেলায় গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক অপরাধ প্রতিরোধবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া ও বাল্যবিবাহের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, অপরাধ ও অনিয়মের বিষয়ে সতর্ক থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এর আগে শনিবার নান্দাইল উপজেলার বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। এ সময় সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় এবং দলীয় কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়।
এদিকে, গত শুক্রবার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় বাজারের পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও বসার স্থান তৈরির কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন।
স্থানীয় উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
মন্তব্য করুন