ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সারা দেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগ সমন্বয়ের লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। এ সময় ঢাকাসহ দেশের সব জেলা ও উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বক্তব্য দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা, সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ভার্চ্যুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।
আয়োজকেরা জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন নয়, বরং এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর এ অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
মন্তব্য করুন