প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের জীবনযাত্রা সহজ হলেও এর অপব্যবহার নতুন করে উদ্বেগ তৈরি করছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে মানহানিকর পোস্ট, আপত্তিকর মন্তব্য ও ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে হয়রানির ঘটনা বাড়ছে। এতে সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির পাশাপাশি মানসিক ভোগান্তিতে পড়ছেন ভুক্তভোগীরা।
এমনই হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন হোসনে আরা পুতুল। তাঁর অভিযোগ, বেশ কিছুদিন ধরে একাধিক ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তাঁকে লক্ষ্য করে মানহানিকর পোস্ট ও আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। এসব কর্মকাণ্ডে তাঁর ব্যক্তিগত সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
হোসনে আরা পুতুল বলেন, বেশ কিছুদিন ধরে একাধিক ফেক আইডি থেকে তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের মানহানিকর পোস্ট ও মন্তব্য করা হচ্ছে। এতে তিনি মানসিকভাবে বিব্রত এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন। এসব আইডির পেছনে কারা রয়েছেন, তা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে অন্যের বিরুদ্ধে অপপ্রচার, ব্যক্তিগত আক্রমণ কিংবা মানহানিকর বক্তব্য ছড়ানো এখন ডিজিটাল নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রে পরিচয় গোপন রেখে এসব কর্মকাণ্ড পরিচালনা করায় প্রকৃত ব্যবহারকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। ফলে ভুক্তভোগীদের আইনি প্রতিকার পেতেও নানা বিড়ম্বনার মুখোমুখি হতে হয়।
বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও সেই স্বাধীনতার অপব্যবহার করে কারও ব্যক্তিগত সম্মানহানি বা উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার সুযোগ নেই। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট পোস্ট, অ্যাকাউন্টের লিংক ও অন্যান্য ডিজিটাল তথ্য-প্রমাণ সংরক্ষণ করা এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো জরুরি।
হোসনে আরা পুতুলের দাবি, তাঁর বিরুদ্ধে পরিচালিত ভুয়া আইডিগুলোর প্রকৃত ব্যবহারকারী শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় প্রকাশেরও দাবি জানিয়েছেন তিনি।
প্রযুক্তি মানুষের কল্যাণ ও যোগাযোগ সহজ করার মাধ্যম। অথচ সেই প্রযুক্তির আড়ালেই কেউ কেউ অন্যের পরিচয়, সম্মান ও সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। এ ধরনের অপতৎপরতা বন্ধে সামাজিক সচেতনতা, ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে ধারণা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।
মন্তব্য করুন