স্বেচ্ছায় রক্তদানে মানুষের ভয় ও ভুল ধারণা দূর করে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না, এটি একটি মহৎ মানবিক কাজ। তাই রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
সোমবার (২ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে ‘জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্তদানে কোনো শারীরিক ক্ষতি হয় না। এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে প্রচার চালাতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, রক্তদানের কার্যক্রম শুধু সভা-সেমিনারে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং এটিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। একই সঙ্গে থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে বর-কনের রক্ত পরীক্ষা করে তাঁরা এ রোগের বাহক কি না, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ বিষয়ে স্কুল-কলেজসহ বিভিন্ন পর্যায়ে সচেতনতা তৈরির আহ্বান জানান মন্ত্রী।
সন্ধানীর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৮ সালে মাত্র ছয়জন মেডিকেল শিক্ষার্থীর হাত ধরে শুরু হওয়া স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম আজ দেশের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ মানবিক উদ্যোগকে আরও বিস্তৃত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, মহাসচিব ডা. মো. জাহিদুল ইসলাম শাকিল ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন