Advertisement
বৃহস্পতিবার, 01 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের শায়রি শেরপুরে মাদ্রাসা শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় শেরপুরে হারিয়ে যাচ্ছে ঢেঁকি, স্মৃতিতে নবান্নের সেই দিন শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত শেরপুরের শিশু সাংবাদিক জয়া শেরপুরে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী: নিষ্ঠা-সততায় জনসেবার আহ্বান জেলা প্রশাসকের নকলায় কৃষক কার্ড ও কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন প্রকল্পের অপচয় ঠেকাতে এআই ব্যবহারের তাগিদ শিল্পমন্ত্রীর শেরপুরে ৪০০ কলাগাছ কেটে ফেলার অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হজযাত্রীদের কর-চার্জ কমানো ও ফ্লাইট স্লট অনুমোদনে সৌদির সহযোগিতা চাইলেন বিমানমন্ত্রী প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, একদিনে যেসব কর্মসূচিতে অংশ নেবেন

আজ ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, একদিনে যেসব কর্মসূচিতে অংশ নেবেন
News Banner

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম ফেনী সফর। দিনব্যাপী সফরে তিনি পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

সফরের শুরুতে পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পে নদী ও জলাধার পুনঃখনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ এবং সেচ অবকাঠামো নির্মাণ ও সংস্কারের কাজ হবে।

এরপর ফুলগাজীতে বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

ফেনীতে প্রধানমন্ত্রীর কর্মসূচি:

সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তাঁর বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওনা হবেন।
দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছবেন। সেখানে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়) কাজের উদ্বোধন করবেন। এ সময় শুভেচ্ছাবিনিময় ও বক্তব্য দেওয়ার কর্মসূচিও রয়েছে।

দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দেড়টায় কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

এরপর দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে রুফটপ সোলার সিস্টেম থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

ফ্যামিলি কার্ড পাবেন ৫১০ জন:

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে আজ ৫১০ জন সুবিধাবঞ্চিত নারীপ্রধান পরিবার ফ্যামিলি কার্ড পাবেন। এর মধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী নিজে কার্ড তুলে দেবেন।

এ ছাড়া দুস্থ ও অসহায় ১০০ জনকে বিশেষ অনুদান দেওয়া হবে। তাঁদের মধ্যে পাঁচজন প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান নেবেন।
দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ৫০ জন বিশেষ অনুদান পাবেন। তাঁদের পাঁচজনের হাতে অনুদান তুলে দেবেন প্রধানমন্ত্রী।

ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩০ জন আর্থিক সহায়তা পাবেন। তাঁদের পাঁচজন প্রধানমন্ত্রীর হাত থেকে সহায়তা নেবেন।

এ ছাড়া প্রতিবন্ধী ২০ জন ব্যক্তিকে আর্থিক অনুদান দেওয়া হবে। তাঁদের মধ্য থেকেও পাঁচজন প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদান গ্রহণ করবেন।

কৃষক কার্ডেরও উদ্বোধন:

সরকারের কৃষক কার্ড কর্মসূচিরও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ফেনী থেকে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে।
উদ্বোধনী পর্যায়ে ৫৬ জেলার ৭৭ উপজেলার ৭৭টি কৃষি ব্লকের এক লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষক কৃষি উপকরণ সহায়তা পাবেন।

প্রত্যেক উপকারভোগী বছরে একবার ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। কর্মসূচিটি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য প্রযোজ্য।

এরই মধ্যে সাড়ে ১৯ লাখ কৃষকের তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে এ সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আবার শুরু হচ্ছে খাল-নদী পুনঃখনন
বর্ষার কারণে কয়েক মাস বন্ধ থাকার পর আবারও শুরু হচ্ছে খাল, নদী ও জলাশয় পুনঃখনন কর্মসূচি। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী চার বছরে প্রায় ১৪ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন-পুনঃখননের লক্ষ্য রয়েছে।

চলতি বছর এরই মধ্যে ১১০টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত ছয় মাসে ৩৭৭ কিলোমিটার খনন-পুনঃখননের কাজ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৩৬০ কিলোমিটার।
ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে এই কর্মসূচির নতুন ধাপ শুরু হচ্ছে।

শেষ হবে বিকেলে:

দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাত ৯টার দিকে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও অনুষ্ঠানস্থল প্রস্তুতিসহ বিভিন্ন কার্যক্রম জোরদার করা হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 47 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 256 টি

মন্তব্য করুন