Advertisement
শনিবার, 10 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

দল-মত নয়, সব উপজেলার সুষম উন্নয়ন চায় সরকার: এলজিআরডি মন্ত্রী

দল-মত নয়, সব উপজেলার সুষম উন্নয়ন চায় সরকার: এলজিআরডি মন্ত্রী
News Banner

দল-মত কিংবা অঞ্চল বিবেচনায় নয়, দেশের সব উপজেলার মানুষের স্বার্থকে গুরুত্ব দিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার। কোনো একটি উপজেলাকে বিশেষ সুবিধা দিয়ে পাশের উপজেলাকে বঞ্চিত করা উচিত নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় ভবনের মাল্টিপারপাস হলে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আয়োজনে ‘সমবায় সমিতির মাধ্যমে নগর ও পল্লী অঞ্চলে সৌরবিদ্যুৎ স্থাপনে কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে সব এলাকার মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব।

সরকারি কর্মকর্তাদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে আবদুল মঈন খান বলেন, সরকারি কর্মকর্তারা শুধু চাকরিজীবী নন, তাঁরা দেশের ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত। সরকারের নেওয়া সব কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেটিই জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃণমূলকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নেও তাঁদের কার্যকর ভূমিকা রাখতে হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের বেতন-ভাতা সমন্বয়ের বিষয়টি সরকার বিবেচনা করেছে। সীমিত সম্পদের কারণে একসঙ্গে সবকিছু বাস্তবায়ন সম্ভব না হলেও আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবছর সরকারি কর্মকর্তাদের বেতন সমন্বয়ের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মন্ত্রিসভায় উত্থাপন করেছেন বলেও জানান তিনি।

সৌরবিদ্যুৎ ব্যবহারে গুরুত্ব

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রচলিত জ্বালানির উৎস সীমিত হয়ে আসছে। এ অবস্থায় সৌরশক্তির যথাযথ ব্যবহার দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখতে পারে। এতে ব্যয় সাশ্রয়ের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নেও সহায়তা মিলবে। সৌরবিদ্যুতের সুফল মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারের পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

পল্লী উন্নয়ন ও সমবায় খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাঠামো, কার্যপরিধি ও সুযোগ-সুবিধা আরও কার্যকর করার বিষয়টি বিবেচনা করা হবে। পল্লী উন্নয়ন বোর্ডকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবসহ কর্মকর্তাদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে।

সমবায় সমিতির কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু নিবন্ধিত সমিতির সংখ্যা বাড়ালেই হবে না, সেগুলোকে কার্যকর ও জনকল্যাণমুখী করে গড়ে তুলতে হবে। দেশে বর্তমানে প্রায় আড়াই লাখ নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে উল্লেখ করে তিনি এসব সমিতির প্রকৃত কার্যকারিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় সমবায় সমিতিগুলোর কার্যক্রম যাচাই করার এবং সেগুলোকে মানুষের কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। পাশাপাশি গ্রামের সাধারণ মানুষ যাতে সহজেই সমিতি গঠন করে কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সৌরপ্যানেল স্থাপনে ৩৯০ কোটি টাকা ছাড়

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অল্প কিছুদিনের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন সামাজিক আন্দোলনে রূপ নেবে বলে তিনি আশাবাদী। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠান ও হাটবাজারের ছাদে সৌরপ্যানেল স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন সমিতিগুলোর মাধ্যমেও সৌরপ্যানেল স্থাপন করা গেলে দেশের সাময়িক বিদ্যুৎ সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। গ্রামের মানুষকে সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, সৌরপ্যানেল স্থাপন ও সহায়ক সেবা ক্রয়ের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অনুকূলে ইতোমধ্যে ৩৯০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক সংকটের প্রসঙ্গ তুলে মীর শাহে আলম বলেন, বিগত ১৫ বছরে বেতন বৃদ্ধি না হওয়ায় সরকারি কর্মচারীরা আর্থিক ও পারিবারিক জীবনে নানা সংকটের মুখে পড়েছেন। বর্তমান সরকার তাঁদের সেই দায়িত্ব বহন করতে সক্ষম হবে বলে তিনি আশ্বস্ত করেন। দলীয় পরিচয় বিবেচনা না করে সবাইকে একসঙ্গে সরকারের কর্মসূচি বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান তিনি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 5 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 368 টি

মন্তব্য করুন