মাদকমুক্ত সমাজ গড়তে শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামে মাদকবিরোধী আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টায় ছনকান্দা মিয়াবাড়ি তিনরাস্তা মোড়ে ছনকান্দা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
আলহাজ্ব দুলাল মিয়ার সভাপতিত্বে এবং মো. সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন ৭ নম্বর ভাতশালা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, বিট কর্মকর্তা এএসআই মো. এনামুল হক ও ছনকান্দা মিয়াবাড়ি জামে মসজিদের ইমাম মোহাম্মদ জামাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, একজন মাদকসেবী কোনো এলাকায় মাদক সেবন শুরু করলে ধীরে ধীরে পুরো এলাকা মাদকের অভয়ারণ্যে পরিণত হতে পারে। দেরিতে হলেও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর এ উদ্যোগকে তিনি স্বাগত জানান।
তিনি বলেন, কেউ মাদক সেবন বা বিক্রি করলে পুলিশকে খবর দিতে হবে অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করতে হবে। খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এলাকায় অপরিচিত কাউকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।
ওসি আরও বলেন, মাদকসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাদকের পাশাপাশি অনলাইন জুয়া, ইভ টিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।
আয়োজক কমিটির পক্ষে বক্তব্য দেন মো. কামরুল ইসলাম, মো. বাজু মিয়া, আশিক আহমেদ, মো. আশরাফুল ইসলাম ও মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মো. জহুরুল ইসলাম, মো. বাবু, মো. মিনাল, মো. মুন্না, শেখ রাসেল, তহুর, রবিউল, ফেরদৌস, সোহেল, উজ্জ্বল, শরিফ ও রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন