Advertisement
রবিবার, 22 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

আগামীকাল শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্যমেলা

আগামীকাল শুরু হচ্ছে জাতীয় এসএমই পণ্যমেলা
News Banner

দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামীকাল রবিবার (২২ নভেম্বর) শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্পায়নে সিএমএসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। এ খাতে শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ কর্মরত।কর্মসংস্থান হয়েছে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের।উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী। দেশের জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

এবারের মেলায় সারা দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এর প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের পরিচালিত। মেলায় পাদুকা, চামড়াজাত ও পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হারবাল, জুয়েলারি, তথ্যপ্রযুক্তি এবং ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠান অংশ নেবে।

মন্ত্রী জানান, মেলায় শুধু দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। বিদেশি বা আমদানীকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত।

মেলার সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট ৯ জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ দেওয়া হবে। এ ছাড়া উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ পর্যন্ত অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্যমেলায় প্রায় চার হাজার উদ্যোক্তা অংশ নিয়ে ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন এবং প্রায় ১০৯ কোটি টাকার পণ্য বিক্রির অর্ডার পেয়েছেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশের জিডিপিতে সিএমএসএমই খাতের বর্তমান অবদানে সরকার সন্তুষ্ট নয়। আগামী দিনে এ অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক বাজার গড়ে তুলতে সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে।

তিনি জানান, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তা, স্টার্টআপ ও নারী উদ্যোক্তারা ৬ থেকে ৭ শতাংশ সুদে অর্থায়নের সুযোগ পাচ্ছেন। এ ছাড়া নতুন উদ্যোক্তারা ব্যবসায়িক ধারণা বাস্তবসম্মত ও ব্যাংকযোগ্য প্রমাণ করতে পারলে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন।

সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 13 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 624 টি

মন্তব্য করুন