দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ পরিবারগুলোর আর্থিক স্বাবলম্বিতা অর্জনে এ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
শনিবার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে অগ্রগতি প্রতিবেদন নেওয়া হবে। কর্মদক্ষতার ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে আনতে দ্রুত 'যুব কাউন্সিল' গঠন করা হবে। কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রতি চার মাস পরপর মতবিনিময় সভার আয়োজন করা হবে।
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসকে কার্যকর সমাধান হিসেবে উল্লেখ করে আমিনুল হক বলেন, যুব উন্নয়ন কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রতিটি গ্রামে বায়োগ্যাস পল্লী গড়ে তোলা হবে। এর মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা পূরণের পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আয় করতে পারবে।
এ উদ্যোগ বাস্তবায়নে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করার পাশাপাশি প্রয়োজনে ঋণের পরিমাণ বাড়ানো হবে বলেও জানান তিনি।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান।
সভায় অধিকসংখ্যক বেকার যুবককে প্রশিক্ষণের আওতায় আনা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের সক্রিয় করা এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ মডিউলে নতুন ট্রেড যুক্ত করার বিষয়েও আলোচনা হয়।
মন্তব্য করুন