বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ সময় স্বাস্থ্য খাতে মানসম্মত ও দক্ষ চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি কলেজটিতে ধাপে ধাপে শিক্ষার্থী আসনসংখ্যা বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে তিনি কলেজটি পরিদর্শন করেন। এর আগে দুপুরে সিরাজগঞ্জ জেলাকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা ঘোষণার লক্ষ্যে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন শেষে বগুড়ায় পৌঁছান তিনি। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানেও অংশ নেন প্রতিমন্ত্রী।
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শনকালে প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন ড. এম এ মুহিত। সভায় তিনি দেশের স্বাস্থ্য খাতে দক্ষ ও মানসম্মত চিকিৎসক তৈরিতে কলেজটির অবদানের প্রশংসা করেন।
এ সময় কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চাহিদা ও সক্ষমতার বিষয়টি তুলে ধরে শিক্ষার্থী আসনসংখ্যা বাড়ানোর দাবি জানায়। জবাবে প্রতিমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, ধাপে ধাপে শিক্ষার্থী আসনসংখ্যা বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভা শেষে কলেজের জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখান।
এর আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বগুড়া সেনানিবাসের ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের সামগ্রিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্ব পালনরত চিকিৎসকদের সঙ্গে সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বগুড়া আর্মি মেডিকেল কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সোহরাব হোসাইন, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদ, বগুড়া সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল করিমসহ সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কলেজের শিক্ষক, চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
মন্তব্য করুন