সিলেটে এক দিনের সফরে এসে সুফিসাধক হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম সিলেট সফর বলে জানানো হয়েছে। এ সফরে তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগমও রয়েছেন।
মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।
সেখানে তাঁকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে রাষ্ট্রপতি সিলেট সার্কিট হাউজে যান। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। সার্কিট হাউজে স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান রাষ্ট্রপতি। সেখানে তিনি মাজার জিয়ারত করেন এবং দেশ ও জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
পরে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার থেকে সরাসরি খাদিমনগরে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। সেখানে তিনি মাজার জিয়ারত করেন এবং যোহরের নামাজ আদায় করেন।
রাষ্ট্রপতির এক দিনের সিলেট সফরের অংশ হিসেবে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিলেট সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।
সফরকে ঘিরে সিলেট নগরীতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা।
মন্তব্য করুন