শেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ নেয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পৃথক দুটি বিভাগে অংশ নেয়। শিশু-কিশোররা নিজেদের সৃজনশীলতা ও কল্পনাশক্তির প্রকাশ ঘটায় চিত্রাঙ্কনের মাধ্যমে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মাহমুদুল হাসান এবং ভাস্কর ও চিত্রশিল্পী হারুন অর রশিদ।
প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ৭ নভেম্বর শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে পুরস্কার দেওয়া হবে।
মন্তব্য করুন