শেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম রাউন্ডের জমজমাট ম্যাচে শেরপুর পৌরসভা ও নকলা উপজেলা দল ৩-৩ গোলে ড্র করেছে। ছয় গোলের রোমাঞ্চকর এ ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনায় মেতে ওঠে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের গ্যালারি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা দেখতে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
ম্যাচে উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলায় নির্ধারিত সময় শেষে ৩-৩ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে পুরো ম্যাচজুড়েই দর্শকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়ানুরাগী দর্শক ম্যাচটি উপভোগ করেন।
উল্লেখ্য, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ শেরপুর জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভাসহ মোট আটটি দল অংশ নিচ্ছে।
মন্তব্য করুন