শেরপুরের নকলায় মহাসড়কের ওপর অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনদুর্ভোগের অভিযোগে পাঁচজনকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার চন্দ্রকোনা-নারায়ণখোলা মহাসড়কে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। মহাসড়ক আইন, ২০২১ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের অর্থদণ্ড দেন।
অভিযানে নেতৃত্ব দেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। এ সময় উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. নাদিউর রহমান এবং এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহাসড়কের ওপর অবৈধভাবে গাছের গুঁড়ি রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং জননিরাপত্তা ঝুঁকিতে ফেলার দায়ে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন