শেরপুরের ঝিনাইগাতীতে ঘুমন্ত স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের গরুহাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বামী মো. রাজু মিয়া (৪২) বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহত রাজু মিয়া গরুহাটি এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে এবং মরহুম ডা. আব্দুল হাইয়ের নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাজু মিয়া। এ সময় পারিবারিক কলহের জেরে তাঁর স্ত্রী মোছা. খুকু মনি (৩২) ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে রাজুর মাথার কানের পাশে গুরুতর জখম হয়। তাঁর ডান কানের একাংশ ছিঁড়ে যাওয়ার কথাও জানা গেছে।
পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজু মিয়াকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠান।
পরে শেরপুর জেলা সদর হাসপাতাল থেকেও তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার বিষয়ে জানতে রাজু মিয়ার বাড়িতে গিয়ে সেটি তালাবদ্ধ পাওয়া যায়। বাড়িতে পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। ফলে হামলার সুনির্দিষ্ট কারণ এবং ঘটনার আগে স্বামী-স্ত্রীর মধ্যে কী নিয়ে বিরোধ চলছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার প্রকৃত কারণ কী এবং অভিযোগের সত্যতা কতটুকু—তা পুলিশি তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে বাড়িটি তালাবদ্ধ থাকায় সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে আহত রাজু মিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন বলে বাড়ির পাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।
মন্তব্য করুন