হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়াশরুমের কমোডের ট্যাংকে মিলল বিপুল পরিমাণ স্বর্ণসদৃশ পেস্ট। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো ডিমসদৃশ ৮টি প্যাকেট থেকে প্রাথমিকভাবে ৪.২০৪ কেজি স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রাথমিক হিসাবে এর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বিমানবন্দরের কাস্টমস হলের ১ নম্বর বেল্ট সংলগ্ন ওয়াশরুমে এ অভিযান চালানো হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এয়ারপোর্ট (এ-শিফট) এর সদস্যরা অভিযান চালিয়ে একটি হাই কমোডের ট্যাংকের ভেতর থেকে প্যাকেটগুলো উদ্ধার করেন। এ সময় বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরে কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে প্যাকেটগুলো খুলে পরীক্ষা করা হলে ভেতরে স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। তবে এসব প্যাকেটের কোনো মালিক পাওয়া যায়নি।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার করা পেস্ট থেকে স্বর্ণ পৃথকীকরণের কাজ চলছে। নিবন্ধিত স্বর্ণকারের মাধ্যমে স্বর্ণ পৃথক করার পর এর প্রকৃত ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হবে।
প্রাথমিক হিসাবে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫০ লাখ টাকা হতে পারে। তবে পরীক্ষণ ও পৃথকীকরণ শেষ না হওয়া পর্যন্ত স্বর্ণের চূড়ান্ত পরিমাণ, বিশুদ্ধতা ও প্রকৃত মূল্য নিশ্চিত করা সম্ভব নয়।
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলছে।
মন্তব্য করুন