শিক্ষার্থীদের শুধু প্রতিযোগিতায় পুরস্কার জয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে জনকল্যাণে ব্যবহারযোগ্য প্রযুক্তি ও উদ্ভাবনে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
তিনি বলেন, আগামী পাঁচ বছরে অ্যাস্ট্রোনমি ক্লাব থেকে এমন তরুণ-তরুণী উঠে আসুক, যারা শুধু অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে পুরস্কার জিতবে না; নিজের হাতে স্যাটেলাইটের মডেল তৈরি করবে, কার্যকর ড্রোন ও নতুন সেন্সর উদ্ভাবন করবে, পেটেন্ট করবে এবং স্টার্টআপ গড়ে তুলবে। তাদের উদ্ভাবন যেন বাংলাদেশের মানুষের কল্যাণে কাজে লাগে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘3rd Inter Astronomical Apogee 2026’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনমি ক্লাব (VNAC) আয়োজিত তিন দিনব্যাপী বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানবিষয়ক এ অনুষ্ঠানে ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষার্থীদের উদ্দেশে ইসমাইল জবিউল্লাহ বলেন, মানুষের জীবনকে আরও নিরাপদ, সহজ ও সুন্দর করতে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন সমাধান খুঁজে বের করতে হবে।
ঘনবসতিপূর্ণ ঢাকায় ড্রোন প্রযুক্তির সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, অগ্নিনির্বাপণ, বন্যার পূর্বাভাস ও নিরাপত্তা ব্যবস্থাপনায় ড্রোন ব্যবহার করে নতুন সম্ভাবনা তৈরি করা যেতে পারে। তিনি এমন একটি দিনের স্বপ্ন দেখেন, যেদিন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ড্রোনের মাধ্যমে অগ্নিনির্বাপণে মানুষের পাশে দাঁড়াবে।
তিনি বলেন, কেউ লো-অরবিট স্যাটেলাইট নিয়ে কাজ করবে, কেউ তৈরি করবে কৃষিকাজে ব্যবহারের ড্রোন, আবার কেউ তৈরি করবে বন্যা পর্যবেক্ষণকারী ড্রোন। কেউ এমন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন করবে, যা বন্যা ও ঘূর্ণিঝড়ের আগাম তথ্য দিতে পারবে। আবার কেউ তৈরি করবে দূষিত পানি শনাক্ত করার সেন্সর।
গ্রামের কৃষকের জীবন সহজ করতে প্রযুক্তি উদ্ভাবনের ওপরও গুরুত্ব দেন জনপ্রশাসন উপদেষ্টা। তিনি বলেন, এমন প্রযুক্তি তৈরি করতে হবে, যা কৃষকের জীবন ও কৃষিকাজকে আরও সহজ করবে এবং মানুষের বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগবে।
সরকার তরুণদের স্টার্টআপ, উদ্যোক্তা তৈরি ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে এবং উদ্ভাবনী উদ্যোগে সহায়তার জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের উদ্যোগ ও কর্মসংস্থান তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম। অনুষ্ঠানে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজসহ ঢাকা মহানগরীর বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী ‘3rd Inter Astronomical Apogee 2026’ উৎসবে নটর ডেম কলেজ, হলি ক্রস কলেজসহ ঢাকা মহানগরীর ১৫টি শীর্ষস্থানীয় কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মন্তব্য করুন