নওগাঁয় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীর সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা অংশ নেন।
সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা নিশ্চিতকরণ, সরকারি উন্নয়ন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, আন্তঃদপ্তর সমন্বয় বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় জেলা পর্যায়ের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
বিভাগীয় কমিশনার তাদের বক্তব্য শুনে জনকল্যাণে সরকারি সেবার মান আরও উন্নত, গতিশীল ও কার্যকর করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে ও সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার সার্বিক চিত্র তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের নিরাপত্তা ও কল্যাণে পুলিশি কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি।
সভা শেষে জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও আন্তঃদপ্তর সমন্বয় আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন কর্মকর্তারা।
মন্তব্য করুন