বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে তুমব্রু বিওপির বিশেষ টহলদল এ অভিযান চালায়। জব্দ করা ইয়াবাগুলো মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (৩ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ পশ্চিমকুল রুহুলের দোকান-কাটাপাহাড় সীমান্ত এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় তুমব্রু বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়াপাড়া এলাকায় অবস্থান নেয়।
রবিবার ভোরে অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করেন বিজিবি সদস্যরা। এ সময় তাঁদের ধাওয়া করলে চোরাকারবারিরা রাতের অন্ধকার ও পানির সুযোগ নিয়ে মালামাল ফেলে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ উদ্ধার করেন বিজিবি সদস্যরা। ব্যাগগুলো খুলে পাওয়া যায় ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট।
উদ্ধার করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
মন্তব্য করুন