মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং মুসলমানদের ঈমান, আত্মিক প্রশান্তি ও সামাজিক ঐক্যের অন্যতম কেন্দ্র। মসজিদের সঙ্গে একজন মুমিনের সম্পর্ক কেবল পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মসজিদের প্রতি ভালোবাসা, এর কল্যাণ কামনা এবং নিয়মিত মসজিদমুখী হওয়ার আকাঙ্ক্ষাও ঈমানের গুরুত্বপূর্ণ অংশ।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘সেসব গৃহে, যাকে মর্যাদা দিতে এবং যাতে তাঁর নাম স্মরণ করতে আল্লাহ আদেশ করেছেন, তাতে সকাল ও সন্ধ্যায় তাঁর তাসবিহ করে সেসব লোক, যাদের ব্যবসা-বাণিজ্য ও বেচাকেনা আল্লাহর স্মরণ থেকে এবং নামাজ কায়েম ও জাকাত আদায় থেকে গাফেল করে না।’ (সুরা নুর, আয়াত: ৩৬-৩৭)
মসজিদের সার্বিক কল্যাণ কামনার অর্থ হলো, সর্বত্র মসজিদ প্রতিষ্ঠা, সেগুলোর সুষ্ঠু পরিচালনা, মুসল্লিদের উপস্থিতিতে মসজিদগুলো প্রাণবন্ত রাখা এবং এর মাধ্যমে সমাজে হেদায়েতের আলো ছড়িয়ে দেওয়া। মসজিদের প্রতি ভালোবাসা ও এর কল্যাণে ভূমিকা রাখা একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
মসজিদের সঙ্গে হৃদয়ের বন্ধন
একজন প্রকৃত মুমিনের অন্তরে মসজিদ ও নামাজের প্রতি গভীর ভালোবাসা থাকে। এই ভালোবাসা শুধু মসজিদে উপস্থিত হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মসজিদ থেকে বের হওয়ার পর পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য অপেক্ষা করার মধ্যেও এর প্রকাশ ঘটে।
কিয়ামতের দিন মহান আল্লাহ সাত শ্রেণির মানুষকে তাঁর আরশের ছায়ায় আশ্রয় দেবেন। তাঁদের মধ্যে রয়েছেন সেই ব্যক্তি, যার অন্তর মসজিদের সঙ্গে ঝুলন্ত থাকে। (সহিহ বুখারি, হাদিস: ৬৬০)
এই মর্যাদার কথা স্মরণ করলে মসজিদের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলার গুরুত্ব আরও স্পষ্ট হয়।
মসজিদের মর্যাদা সম্পর্কে জানা
কোনো কাজের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে জানলে সেই কাজের প্রতি মানুষের আগ্রহ বাড়ে। একইভাবে মসজিদের ফজিলত ও মর্যাদা সম্পর্কে জ্ঞান অর্জন একজন মুসলমানকে মসজিদমুখী হতে উৎসাহিত করে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার।’ (সহিহ মুসলিম, হাদিস: ৬৭১)
মসজিদের এই বিশেষ মর্যাদা উপলব্ধি করতে পারলে একজন মুমিনের কাছে মসজিদে সময় কাটানো ও ইবাদতে মনোযোগী হওয়া আরও অর্থবহ হয়ে ওঠে।
জামাতে নামাজের সওয়াবের কথা স্মরণ করা
মসজিদমুখী হওয়ার অন্যতম কার্যকর উপায় হলো জামাতে নামাজ আদায়ের ফজিলত সম্পর্কে জানা। একাকী নামাজ আদায়ের তুলনায় জামাতে নামাজ আদায়ের সওয়াব অনেক বেশি।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায়ের চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদাপূর্ণ।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৫)
এই বিশেষ প্রতিদানের কথা স্মরণ করলে জামাতে নামাজ আদায়ের প্রতি আগ্রহ তৈরি হয়। নিয়মিত মসজিদে গিয়ে জামাতে অংশ নেওয়ার অভ্যাসও ধীরে ধীরে গড়ে ওঠে।
মসজিদের শিক্ষা ও সেবামূলক কার্যক্রমে অংশ নেওয়া
মসজিদ কেবল ইবাদতের জায়গা নয়, এটি দ্বিনি জ্ঞান অর্জন, নৈতিক শিক্ষা ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। মসজিদে আয়োজিত দ্বিনি আলোচনা, কোরআন শিক্ষার আসর ও অন্যান্য কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে একজন মুসলমানের জ্ঞান ও আত্মিক উন্নতি ঘটে।
আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কল্যাণময় দ্বিনি জ্ঞান অর্জন অথবা ওই জ্ঞান বিতরণের জন্যই শুধু মসজিদে গমনাগমন করে, তার জন্য পরিপূর্ণ হজের নেকি আছে।’ (তাবারানি, আল-মুজামুল কাবির, হাদিস: ৭৪৭৩)
এ ছাড়া মসজিদের পরিচ্ছন্নতা রক্ষা, পরিচালনা ও সেবামূলক কাজে অংশ নেওয়াও মসজিদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার একটি কার্যকর উপায়।
জামাতকে শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষার মাধ্যম মনে করা
মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে রাখতে শয়তান নানা ধরনের প্রলোভন ও কুমন্ত্রণা দেয়। নিয়মিত জামাতে নামাজ আদায় এবং দ্বিনি পরিবেশে সময় কাটানো একজন মুমিনকে এসব কুমন্ত্রণা থেকে দূরে থাকতে সহায়তা করে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো জনপদে বা বনজঙ্গলে তিনজন লোক একত্রে বসবাস করা সত্ত্বেও যদি তারা জামাতে নামাজ আদায় না করে, তবে তাদের ওপর শয়তান আধিপত্য বিস্তার করে। অতএব, তোমরা জামাতকে আঁকড়ে ধরো। কারণ নেকড়ে দলচ্যুত বকরিকেই খেয়ে থাকে।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৫৪৭)
হাদিসটি জামাতে নামাজ আদায়ের গুরুত্ব এবং সম্মিলিতভাবে ইবাদতের প্রতি যত্নশীল হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।
মসজিদমুখী বন্ধু ও সঙ্গী নির্বাচন করা
মানুষের চিন্তা, আচরণ ও অভ্যাস গঠনে বন্ধুবান্ধবের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। তাই মসজিদমুখী জীবন গড়তে ভালো ও দ্বিনদার সঙ্গী নির্বাচন করা প্রয়োজন।
যে বন্ধু নিয়মিত নামাজ আদায় করে, দ্বিনি আলোচনা করে এবং ভালো কাজে উৎসাহ দেয়, তার সান্নিধ্য একজন মানুষকে ইবাদতে মনোযোগী হতে সাহায্য করে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘আর তুমি নিজেকে ধরে রাখো তাদের সঙ্গে, যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আহ্বান করে।’ (সুরা কাহফ, আয়াত: ২৮)
তাই এমন সঙ্গ বেছে নেওয়া উচিত, যাদের সঙ্গে থাকলে আল্লাহর স্মরণ ও ইবাদতের প্রতি আগ্রহ বাড়ে।
মসজিদের সঙ্গে সম্পর্ক গড়ার গুরুত্ব
মসজিদ মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্প্রীতির প্রতীক। এর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা মানে নিয়মিত ইবাদতের পাশাপাশি নিজের আত্মিক উন্নতি এবং সমাজের কল্যাণেও ভূমিকা রাখা।
মসজিদের প্রতি ভালোবাসা, জামাতে নামাজ আদায়, দ্বিনি জ্ঞান অর্জন, সেবামূলক কাজে অংশগ্রহণ এবং ভালো সঙ্গ নির্বাচন—এসব অভ্যাস একজন মুসলমানের জীবনকে আরও সুন্দর ও শৃঙ্খলিত করে তুলতে পারে।
মহান আল্লাহ আমাদের সবাইকে মসজিদমুখী হওয়ার এবং মসজিদের সঙ্গে গভীর আত্মিক সম্পর্ক গড়ে তোলার তাওফিক দান করুন। আমিন।
মন্তব্য করুন