Advertisement
শনিবার, 14 নভেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন

‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ বইয়ের মোড়ক উন্মোচন
News Banner

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের ভবিষ্যৎ করণীয় নিয়ে প্রকাশিত ‘AI সম্ভাবনা ও প্রেক্ষাপট’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইটির লেখক শেরপুরের মহিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সাবেক সচিব ও ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু প্রযুক্তিবিদদের আলোচনার বিষয় নয়। শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও প্রশাসনসহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই এর প্রভাব বাড়ছে। এ বাস্তবতায় বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতি নিশ্চিত করতে এআই বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং কার্যকর নীতিমালা প্রণয়ন জরুরি।

প্রধান অতিথি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভয়ের বিষয় হিসেবে না দেখে সম্ভাবনাময় প্রযুক্তি হিসেবে গ্রহণ করতে হবে। তবে এর ব্যবহার হতে হবে দায়িত্বশীল ও সচেতনতাপূর্ণ। এআইয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প ও সরকারি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

তিনি বলেন, তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, নাগরিকের গোপনীয়তা রক্ষা এবং প্রযুক্তির অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সাবেক সদস্য মকবুল-ই-ইলাহী চৌধুরী বলেন, এআইয়ের সম্ভাবনা ও সীমাবদ্ধতা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা বাড়ানো জরুরি। সহজ ভাষায় প্রযুক্তিবিষয়ক জ্ঞান ছড়িয়ে দিতে বইটি সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স, প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালিদ আবু নাসের এবং বাসদের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।

বক্তারা বলেন, এআই গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিগত অবকাঠামো ও দক্ষ মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি ডিজিটাল বৈষম্য কমিয়ে শহর ও গ্রামের মানুষের জন্য প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

বইটিতে এআইয়ের বৈশ্বিক প্রেক্ষাপট, বাংলাদেশে এর বর্তমান অবস্থান, সম্ভাবনা, ঝুঁকি, নাগরিক অধিকার এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে।

অনুষ্ঠানে ক্যাব ও বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক, লেখক এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 84 বার

স্টাফ রিপোর্টার

অভিজ্ঞ সাংবাদিক, Sherpur Barta

এই সাংবাদিকের মোট খবর: 120 টি

মন্তব্য করুন