মানবেতর জীবন-যাপনের খবর পেয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের খলচান্দা কোচপল্লীর দরিদ্র কোচ সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমীন। ৫০টি পরিবারের মধ্যে খাদ্যসহায়তা ও কম্বল বিতরণের পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন পোড়াগাঁও ইউনিয়নের আন্ধারুপাড়া মৌজার খলচান্দা কোচপল্লী পরিদর্শনে যান জেলা প্রশাসক। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ওই এলাকার মানুষের দারিদ্র্য ও মানবেতর জীবনযাপনের খবর নজরে আসার পর তিনি সরেজমিনে তাঁদের খোঁজখবর নেন এবং দুর্দশার কথা শোনেন।
এ সময় স্থানীয় বাসিন্দা পরিমল কোচ ও রমেশ কোচ জেলা প্রশাসকের কাছে গ্রামের চলাচলের রাস্তাটি পাকাকরণ এবং একটি ব্রিজ নির্মাণের দাবি জানান। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব রাস্তা ও ব্রিজ নির্মাণের আশ্বাস দেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে গ্রামের ৫০টি পরিবারের মধ্যে খাদ্যসহায়তা ও ৫০টি কম্বল বিতরণ করা হয়। এ ছাড়া গ্রামের এক নারীকে একটি সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের খেলাধুলার জন্য দুটি ফুটবল দেওয়া হয়।
গ্রামবাসীর স্থায়ী কর্মসংস্থানের বিষয়ে জেলা প্রশাসক জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে স্থানীয় যুবকদের গবাদিপশু পালনবিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পাশাপাশি তাঁদের স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণ প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুজ্জামান শামীম, পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মো. হযরত আলী, আদিবাসী নেত্রী ও সাংবাদিক ক্লোডিয়া নকরেক কেয়াসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
মন্তব্য করুন