মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজার সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ।
তিনি বলেন, মালয়েশিয়ার শ্রমবাজারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বিষয়টি উত্থাপন করেছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সদস্যরা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে তাঁদের দাবিসংবলিত স্মারকলিপি সচিবের কাছে দেন।
স্মারকলিপিতে বায়রার সাবেক প্রতিনিধিরা তালিকাভুক্ত ৩১২টি এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়া, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য বন্ধ, অভিবাসন ব্যয় কমানো, নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত, সব যোগ্য মেডিকেল সেন্টার উন্মুক্ত করা এবং বোয়েসেলের মাধ্যমে ওয়ান-স্টপ সার্ভিস চালুর দাবি জানান।
বায়রা প্রতিনিধিদের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন সচিব মো. মোখতার আহমেদ। তিনি যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে তা পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের কথা জানান।
সচিব বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এ সুযোগে কোনো মধ্যস্বত্বভোগী যাতে অনৈতিকভাবে সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। দালাল ও প্রতারকচক্রের হাত থেকে সাধারণ কর্মীদের রক্ষায় মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে।
তিনি জানান, সম্প্রতি অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ‘ত্রিপল এ ওভারসিজ’-এর কার্যালয় সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা এবং তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে।
মালয়েশিয়ায় ঠিক কোন প্রক্রিয়ায় কর্মী পাঠানো শুরু হবে, সে বিষয়ে প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সচিব। তিনি বলেন, এ বিষয়ে নিশ্চিত ও সঠিক তথ্য যথাসময়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
মন্তব্য করুন