রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছেন ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নবনির্বাচিত মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ। বুধবার (১৬ সেপ্টেম্বর) ওআইসি-তে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এমজেএইচ জাবেদ নবনির্বাচিত মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমানের পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র হস্তান্তর করেন। এ সময় রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ইসমাইল ওল্ড শেখ আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের যথাযথ সমাধান না হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করতে পারে। এ সংকটের টেকসই সমাধানে ওআইসি বাংলাদেশের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
সাক্ষাতে রাষ্ট্রদূত জাবেদ নবনির্বাচিত মহাসচিবকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা জানান।
বৈঠকে মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নযাত্রা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় বাংলাদেশে অবস্থিত ওআইসির সহযোগী অঙ্গ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ভূমিকারও প্রশংসা করেন ওআইসি মহাসচিব। ওআইসি সদস্য দেশগুলোর প্রত্যন্ত অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটির অবদানের কথা তুলে ধরেন তিনি।
আইইউটির গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) বিভিন্ন ক্ষেত্রে এর কার্যক্রম সম্প্রসারণে নতুন উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ইসমাইল ওল্ড শেখ আহমেদ। বাংলাদেশ সফর তাঁর অগ্রাধিকার তালিকায় রয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে ওআইসি সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সদস্য দেশগুলোর সম্পদ ও সক্ষমতার বৈচিত্র্যকে কাজে লাগিয়ে চুক্তিভিত্তিক কৃষি, স্বাস্থ্যসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, আতিথেয়তা, শিক্ষা এবং অন্যান্য উৎপাদনশীল খাতে যৌথ কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ও এর জনগণ এবং নেতৃত্ব সম্পর্কে ওআইসি মহাসচিবের ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য তাঁকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত জাবেদ। আগামী দিনগুলোতে বিভিন্ন আন্তঃখাতীয় বিষয়ে ওআইসি সচিবালয়ের সঙ্গে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
মন্তব্য করুন