Advertisement
মঙ্গলবার, 22 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

প্রকল্পে জনস্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকল্পে জনস্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
News Banner

জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর জোর দেন তিনি।

একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যক প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ এবং তাঁদের মধ্যে যথাযথভাবে দায়িত্ব বণ্টনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত অনুমোদিত (সবুজ পাতায়) ও প্রস্তাবিত নতুন প্রকল্পের অনুমোদন ও পর্যালোচনা বিষয়ক সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি।

সভায় ঢাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও কার্যকর রাখার ওপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। পাশাপাশি সুয়ারেজ ট্রিটমেন্টের মাধ্যমে পরিশোধিত পানি নদীতে নির্গমনের ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন থাকতে হবে। ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, একই ধরনের প্রকল্পগুলো ক্লাস্টারভিত্তিকভাবে সমন্বয় করা হলে প্রকল্পের পুনরাবৃত্তি ও ওভারল্যাপ কমানো সম্ভব। এতে সরকারি সম্পদের অপচয় কমার পাশাপাশি প্রকল্পের কার্যকারিতাও বাড়বে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, গুরুত্বপূর্ণ প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজন হলে সম্পূরক প্রকল্প গ্রহণ করা যেতে পারে। একই সঙ্গে প্রতিটি প্রকল্পের বাস্তবায়নে সময়সীমা নির্ধারণ করে নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করতে হবে।

জনস্বার্থসংশ্লিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরিধি পুনর্নির্ধারণ, রি-স্কোপিং ও মার্জারের মাধ্যমে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে সভায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. বাবুল মিঞা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও ফোকাল পার্সনরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 15 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 155 টি

মন্তব্য করুন