Advertisement
শনিবার, 26 সেপ্টেম্বর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

বিশ্ব পর্যটন দিবস ঘিরে সপ্তাহব্যাপী উৎসবের প্রস্তুতি

বিশ্ব পর্যটন দিবস ঘিরে সপ্তাহব্যাপী উৎসবের প্রস্তুতি
News Banner

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে পালিত হতে যাচ্ছে বিশ্ব পর্যটন দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পর্যটনসংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনদের সমন্বয়ে দেশজুড়ে বর্ণিল আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিস্ট পুলিশ, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা, হোটেল-রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, বিনোদন পার্ক, বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, জেলা প্রশাসন ও পর্যটন গন্তব্যভিত্তিক অংশীজনরা এসব আয়োজনে অংশ নেবেন।

জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (UN Tourism) এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে—‘Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism’। এই ভাবনাকে সামনে রেখে বাংলাদেশের পর্যটন খাতে ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে এবারের আয়োজন।

র‍্যালি ও সিটি ট্যুর:

২৭ সেপ্টেম্বর পর্যটন ভবন, পশ্চিম আগারগাঁও, শেরেবাংলা নগর প্রশাসনিক এলাকায় অনুষ্ঠিত হবে বিশ্ব পর্যটন দিবসের র‍্যালি। সকাল ৯টায় র‍্যালির উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি।

র‍্যালিতে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন অংশ নেবেন। এতে আবহমান বাংলার জীবনধারা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য ও ঢাকার ঐতিহ্য তুলে ধরা হবে।

সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে সাইকেল র‍্যালি। এরপর সকাল ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে সিটি ট্যুরের উদ্বোধন করা হবে। এ আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুরা গাইডেড ট্যুরের মাধ্যমে ঢাকার বিভিন্ন পর্যটন আকর্ষণ ঘুরে দেখার সুযোগ পাবে।

পর্যটন অংশীজন ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়:

২৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় পর্যটন ভবনের লেভেল-১০-এর সম্মেলন কক্ষে পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। দেশের সামগ্রিক পর্যটন উন্নয়ন নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে মতবিনিময় করবেন সংশ্লিষ্ট অংশীজনরা।

৩০ সেপ্টেম্বর একই সময়ে ও একই স্থানে অনুষ্ঠিত হবে উৎস দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় সভা। এতে ইনবাউন্ড ট্যুরিজমের প্রসার, উৎস দেশগুলোর সঙ্গে পর্যটনবিষয়ক পারস্পরিক সহযোগিতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। সভায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীর সঙ্গে মতবিনিময় করবেন বিভিন্ন দেশের কূটনীতিকরা।

৩ অক্টোবর মূল আয়োজন:

৩ অক্টোবর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন।

দুপুর আড়াইটায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টলের উদ্বোধন ও পরিদর্শনের মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। এসব স্টলে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, জিআই পণ্য, ক্রাফট ও স্যুভেনির, ঐতিহ্যবাহী তাঁত ও বস্ত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য, পর্যটন গন্তব্য এবং আবহমান বাংলার জীবনধারা তুলে ধরা হবে।

প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারেও পর্যটন গন্তব্যের অভিজ্ঞতা তুলে ধরা হবে। এর মধ্যে পর্যটন গন্তব্যে ‘টাইম ট্রাভেল’ এবং গন্তব্যের ছবি তোলার অভিজ্ঞতাও প্রদর্শন করা হবে।

বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ শীর্ষক আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

এ ছাড়া UN Tourism-এর মহাসচিব মিজ শাইখা আল নুয়াইমির শুভেচ্ছা ভিডিও বার্তা প্রচার করা হবে। দিবসের প্রতিপাদ্যের ওপর থিমেটিক উপস্থাপনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমীন।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ, এনডিসি এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি।

প্রথমবার দেওয়া হবে বাংলাদেশ পর্যটন পুরস্কার:

এবারের বিশ্ব পর্যটন দিবসের আয়োজনে বিশেষ গুরুত্ব পাচ্ছে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’। পর্যটন শিল্পে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও উদ্যোগকে স্বীকৃতি দিতে প্রথমবারের মতো এই পুরস্কার চালু করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় ১৩টি ক্যাটাগরিতে দেওয়া হবে এই পুরস্কার। পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং পরিবেশ ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে।

আয়োজকদের মতে, পর্যটন শিল্পে উৎকর্ষ, দায়িত্বশীলতা ও উদ্ভাবনের দৃষ্টান্ত স্থাপনকারী উদ্যোগগুলোকে জাতীয় পর্যায়ে স্বীকৃতি দেওয়া, টেকসই পর্যটন শিল্প গড়ে তোলা এবং সংশ্লিষ্ট অন্য উদ্যোক্তা ও অংশীজনদের উৎসাহিত করাই এ পুরস্কারের মূল উদ্দেশ্য।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং আবুল কালাম আজাদ সিদ্দিকী, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিস ফাহমিদা আখতার, এনডিসি।

আলোচনা সভা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ব পর্যটন দিবসের সপ্তাহব্যাপী আয়োজনকে উৎসবমুখর ও সফল করতে র‍্যালি, প্রদর্শনী, আলোচনা সভা, বাংলাদেশ পর্যটন পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 54 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 184 টি

মন্তব্য করুন