বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি, চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্যের একটি সংসদীয় প্রতিনিধিদল।
রোববার (৪ অক্টোবর) ঢাকায় সচিবালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের স্বাস্থ্যখাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের স্বাস্থ্যসেবার অগ্রগতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
বৈঠকে দেশে হাম ও ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি এবং এসব রোগ মোকাবিলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে যুক্তরাজ্যের প্রতিনিধিদলকে অবহিত করেন সরদার মো. সাখাওয়াত হোসেন। পাশাপাশি দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, চলতি বছর দেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ আন্তরিকভাবে কাজ করছে।
সাক্ষাৎকালে যুক্তরাজ্যের সংসদ সদস্য মনিকা হার্ডিং, অ্যালান গাম্মেল ও আরটি ডেভিড মুন্ডেলসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন