আসন্ন কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলন (CHOGM) সামনে রেখে বিদেশি বিনিয়োগ আকর্ষণের কৌশল নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ বিজনেসউইমেনস নেটওয়ার্কের নির্বাহী পরিচালক আরিফ জামান।
সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব বিষয়ে আলোচনা করেন। আগামী নভেম্বরে অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠেয় CHOGM-কে সামনে রেখে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে বৈঠকে মতবিনিময় হয়।
আলোচনায় বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে নীতিগত ধারাবাহিকতা ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বিশ্ববাজারের জন্য বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তাঁরা।
বৈঠকে কৃষি ও গ্রামীণ ব্যবসা শক্তিশালীকরণ, ব্লু ইকোনমি খাতে টেকসই বিনিয়োগের সুযোগ, নবায়নযোগ্য জ্বালানি এবং চক্রাকার অর্থনীতির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া আসন্ন CHOGM-এর পাশাপাশি অনুষ্ঠেয় কমনওয়েলথ নারী ফোরামের বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় করেন শামা ওবায়েদ ইসলাম ও আরিফ জামান। নারী উদ্যোক্তাদের সম্ভাবনার পূর্ণ বিকাশে প্রয়োজনীয় সুযোগ ও সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে ফোরামটির ভূমিকা নিয়েও আলোচনা হয়।
মন্তব্য করুন