Advertisement
সোমবার, 05 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ

তুরস্কের সঙ্গে এফটিএ আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
News Banner

তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে বিপজ্জনক শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

সোমবার দুপুরে শিল্প মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বৈঠককালে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করা হয়। আসন্ন তুরস্ক সফরে দেশটির বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং বিনিয়োগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন খন্দকার আব্দুল মুক্তাদির।

দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

বৈঠকে তুরস্ক থেকে ফল আমদানির ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ জন্য তুরস্কের ফলমূল রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর পরিচিতি ও যোগাযোগের তথ্য চায় বাংলাদেশ। এসব তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া ইলেকট্রনিকস ও জাহাজ ভাঙা শিল্পের বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়। এ ধরনের বর্জ্য পরিশোধন, সংরক্ষণ ও নিরাপদ নিষ্পত্তির জন্য তুরস্কে থাকা বিশেষায়িত স্থাপনা বা টিএসডিএফের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

চামড়া শিল্প নিয়েও বৈঠকে আলোচনা হয়। তুরস্কের রাষ্ট্রদূত জানান, পরিবেশগত কারণে তাঁর দেশে চামড়া প্রক্রিয়াজাতকরণ ও ট্যানারি কার্যক্রম কমেছে। এর পাশাপাশি সিন্থেটিক চামড়ার ব্যবহার এবং কাঁচামাল আমদানির প্রবণতা বেড়েছে।

বৈঠকে কমসেকের (COMCEC) অধীনে আসন্ন মন্ত্রী পর্যায়ের সম্মেলন এবং ওয়ার্ল্ড হালাল ইন্ডাস্ট্রিয়াল সামিট ও হালাল এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়। তুরস্কের রাষ্ট্রদূত এসব আয়োজনে বাংলাদেশকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, কমসেকের মূল সম্মেলনে বাণিজ্যমন্ত্রী অংশ নেবেন। পরবর্তী আয়োজনে বাংলাদেশের অন্যান্য প্রতিনিধিরা অংশ নেবেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, তুরস্ক দূতাবাসের ইকনমিক কাউন্সিলর এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 13 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 328 টি

মন্তব্য করুন