Advertisement
সোমবার, 05 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন ত্রাণমন্ত্রী
News Banner

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে সচিবালয়ে ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম)-এর প্রধান নিকোলাস কুজিয়ানের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান তিনি।

বৈঠকে মন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং মিয়ানমারে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখার জন্য আইআইএমএমের প্রতি আহ্বান জানান।

বৈঠকে নিকোলাস কুজিয়ান জানান, ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৪ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা বাংলাদেশে আগে থেকে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। রাখাইনে সহিংসতা ও নিরাপত্তাহীনতা অব্যাহত থাকায় এসব রোহিঙ্গার নিরাপদে মিয়ানমারে ফিরে যাওয়ার পরিস্থিতি এখনো তৈরি হয়নি।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহের সঙ্গে বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুত অবস্থার সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের পরিস্থিতি এবং সেখানে সংঘটিত গুরুতর অপরাধের জবাবদিহি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বরের ৩৯/২ নম্বর প্রস্তাবের মাধ্যমে মিয়ানমারবিষয়ক স্বাধীন তদন্ত ব্যবস্থা (আইআইএমএম) প্রতিষ্ঠিত হয়। একই বছর জাতিসংঘ সাধারণ পরিষদ ৭৩/২৬৪ নম্বর প্রস্তাবের মাধ্যমে এর প্রতিষ্ঠাকে স্বাগত জানায়।জেনেভাভিত্তিক আইআইএমএম ২০১৯ সালের আগস্টে কার্যক্রম শুরু করে।

২০১১ সাল থেকে মিয়ানমারে সংঘটিত সবচেয়ে গুরুতর আন্তর্জাতিক অপরাধ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ, একত্রকরণ, সংরক্ষণ ও বিশ্লেষণ করে আইআইএমএম। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আদালতে ফৌজদারি বিচার কার্যক্রমে ব্যবহারের জন্য এসব প্রমাণ সুবিন্যস্ত ও বিশ্লেষণ করে সংস্থাটি।

এর মাধ্যমে মিয়ানমারে সংঘটিত গুরুতর অপরাধের বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠায় সহায়তা করে আসছে আইআইএমএম।

এই সংবাদটি পঠিত হয়েছে: 11 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 328 টি

মন্তব্য করুন